নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা চালাচ্ছে প্রত্যাশীর সিম্স প্রকল্প
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার জেলায় কর্মরত মিডিয়া প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমের সচেতনতা ও ভূমিকা জোরদার করতে প্রত্যাশীর সিম্স প্রকল্পের উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। প্রত্যাশীর উপ-নির্বাহী পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সিম্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির (সূফি মনি) সঞ্চালনায় অনুষ্ঠানে রামু টিটিসির অধ্যক্ষ, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস. এম. জাফর, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু।
কর্মশালায় নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা তাঁদের সেবাসমূহ তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সুইস উন্নয়ন সংস্থা এসডিসি’র আর্থিক সহায়তা ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সমুদ্র সৈকতের কলাতলীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও সম্প্রচার মিডিয়ার অর্ধশতাধিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।











