নাইক্ষ্যংছড়িতে পেট্রোল পাম্পসহ ১৫ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক।।
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
ইসমাত জাহান ইতুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুস্তাক আহমেদের পেট্রোল পাম্পসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা না রাখা, ভেজাল পণ্য বিক্রি ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মের অভিযোগে তেলের পাম্পে ১০ হাজার টাকা, ৬ জন সবজি ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা, ৭টি মুরগির দোকানে ১৪ হাজার টাকা এবং ১টি ফলের দোকানে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। জনসাধারণের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।











