ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে গরু চুরির সময় কিশোর আটক

  • আপডেট: Monday, March 9, 2026 - 8:14 pm

বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গরু চুরির সময় স্থানীয় লোকজনের হাতে এক কিশোর আটক হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলীমিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা শফি আলম (২৫) এর বসতবাড়ি থেকে ৩-৪ জন চোর একনলা বন্দুকসহ একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় একটি গরুসহ একজন চোরকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অন্য চোররা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে সকাল আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার অধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রকে জানানো হলে পুলিশ এসে আটককৃত কিশোরকে নিজেদের হেফাজতে নেয়।
আটক কিশোরের নাম মনিরুল আলম (১৫)। সে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মো. ইলিয়াছের ছেলে।
বর্তমানে আটক কিশোর নাইক্ষ্যংছড়ি থানার অধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।