ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’

  • আপডেট: Thursday, March 26, 2026 - 1:53 am

নিজস্ব প্রতিবেদক।। মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে দিতে চাপ প্রয়োগ করার ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ডিএমপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (২০ মার্চ) উক্ত মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। উক্ত ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনস্ এ সংযুক্ত করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এরআগে ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আশপাশের কিছু ব্যবসায়ী ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। তারা কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ বিতরণ’-এর সঙ্গে তুলনা করে আপত্তি জানায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তখন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ওঠে।