ঢাকা | মার্চ ১৭, ২০২৬ - ৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 6:43 pm

মো. আল আমিন, দীঘিনালা।

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ উপকারভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী দীঘিনালা উপজেলায় ৮০ হাজার টাকার মানবিক সহায়তা উপ-বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দ থেকে উপজেলার ৮০ জন গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এ সময় ইউএনও তানজিল পারভেজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে। ঈদের আগে এই সহায়তা সাধারণ মানুষের ঈদ আয়োজনকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করবে।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুনির হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের ঈদের আনন্দ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপকারভোগীরা জানিয়েছেন।