ঢাকা | মার্চ ৭, ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে সেনাবাহিনী–প্রশাসনের যৌথ অভিযান

  • আপডেট: Friday, March 6, 2026 - 5:15 pm

মো. আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে তেলের দোকান ও পেট্রোল পাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী। অপরদিকে অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া গেছে যে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ পার্শ্ববর্তী বাজারগুলোর কিছু পেট্রোল পাম্প ও তেলের দোকানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে দোকান বন্ধ রাখা হচ্ছে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্কতামূলক বার্তা প্রদান করে।
তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প ও তেলের দোকানগুলোতে জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।