দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি
জেলা প্রতিনিধি, মাদারীপুর।। মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দালাল ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে গেটে তালা দিয়ে ঝটিকা অভিযান চালিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন সংসদ সদস্য অফিসের গেটে তালা দিয়ে ভেতরে থাকা দলিল লেখক এবং জমির ক্রেতা-বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন। তিনি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে ৪৭ জন নিবন্ধিত দলিল লেখক এবং তাদের প্রত্যেকের একজন করে সহকারীর তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। মূলত সহকারী পরিচয় দিয়ে বহিরাগতদের মাধ্যমে চাঁদাবাজি ও দালালি নিয়ন্ত্রণ করা হয়- এমন অভিযোগের প্রেক্ষিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। গত ১৬-১৭ বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তরে মস্তানরা চাঁদাবাজি করে আসছে। আজকের অভিযানে আমরা সেই চাঁদাবাজির সত্যতা পেয়েছি। প্রতিদিন দুপুরে এখানে চাঁদা তোলা হয় বলে তথ্য মিলেছে, যা আমরা এখন কঠোর তদারকিতে নিয়েছি।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আরও বলেন, আমার এলাকার ভোটাররা আমাকে ঘরে বসে থাকার জন্য ভোট দেয়নি। এখন থেকে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে এই ধরনের অভিযান চালানো হবে। দলিল লেখক ও তাদের অনুমোদিত সহকারী বাদে অফিসে কোনো বহিরাগত বা দালাল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











