ঢাকা | এপ্রিল ১২, ২০২৬ - ৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম

ঢাকার দুই সিটিসহ চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

  • আপডেট: Sunday, April 12, 2026 - 8:25 am

ডেস্ক রিপোর্ট।।  দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির পরিসর আরও বাড়ানো হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হামের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে সংক্রমণের হার বেশি—সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও নতুন করে এই ক্যাম্পেইনে টিকা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ছাড়া) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে কর্মসূচিটি এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।