ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৭:৫০ অপরাহ্ন

শিরোনাম

টেকসই পর্যটন নিশ্চিত করতে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা বৃদ্ধি

  • আপডেট: Thursday, April 9, 2026 - 6:01 pm

রাঙামাটি জেলা প্রতিনিধি।।

“রাঙ্গামাটিতে আগত দেশি-বিদেশি পর্যটকদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে। যাত্রীদের সঙ্গে সদাচরণ করা, অযথা ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা এবং সবসময় পেশাদারিত্ব বজায় রাখা”—আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টেকসই পর্যটন বিষয়ক চালক ও মালিকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটিতে পর্যটন খাতকে আরও উন্নত ও টেকসই করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার জাহান মিঠু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকল্প ফোকাল পার্সন অরেনেন্দু ত্রিপুরা এবং পরিচালনা করেন সবুজ চাকমা। এছাড়া অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু ও সমিতির অন্যান্য সদস্য, মালিক এবং চালকরা উপস্থিত ছিলেন।

কর্মশালার আলোচনায় রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পর্যটনের উন্নয়নে চালক ও মালিকদের আচরণ, দায়িত্ববোধ ও সচেতনতা সরাসরি প্রভাব ফেলে।

মো. হাবীব আজম আরও বলেন, চালকদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নেওয়া, যাত্রী ও পর্যটকদের যাত্রাপথে ময়লা-আবর্জনা না ফেলতে সচেতন করা এবং রাঙ্গামাটির দর্শনীয় স্থান ও ঐতিহ্য সম্পর্কে পর্যটকদের সঠিক তথ্য দেওয়া জরুরি।

সড়কে নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী চালক ও মালিকরা এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।

কর্মশালার আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের প্রশিক্ষণ চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং রাঙ্গামাটিকে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।