টেকনাফে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
এম এ হাসান, টেকনাফ।।
টেকনাফে মাদক পাচারের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সাফল্যের সাথে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৬ মার্চ সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি সংলগ্ন লবণের মাঠ নামক স্থান হতে বিজিবির অভিযানে এ চালানটি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানায়, ২৬ মার্চ মাদকের একটি বড় চালান জেলের ছদ্মবেশে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এর অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে ক্যাম্পের কাঠি নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল আনুমানিক ১৫০০ ঘটিকায় উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত প্লাস্টিকের বালতিতে থাকা মাদক লবণ মাঠের কাদা মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রেখে দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে লবণ মাঠের কাদা মাটির নিচ হতে বিশেষ মোড়কে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।











