জুলাই হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুলকে জামিন দিলেন হাইকোর্ট
আদালত প্রতিবেদক।। জুলাই হত্যাকাণ্ডের একটি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।
আজ সোমবার (১৬ মার্চ) বিচারপতি ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ঢাকার জুলাই হত্যাকাণ্ডের একটি মামলায় তাকে জামিন দেন।
তবে এ আদেশ স্থগিত চেয়ে আবেদনের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকায় জুলাই হত্যার একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সালাউদ্দিন সুমন নিহতের মামলায় গত বছরের ৮ সেপ্টেম্বর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি।











