জামায়াতপ্রার্থী খালিদুজ্জামানের ঘটনাটি অনেক আগেই মীমাংসিত হয়ে গেছে: আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত ভিডিও’র বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পুরোনো এই ভিডিও মঙ্গলবার আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অনেক আগেই মীমাংসিত হয়েছে। জামায়াতের ওই প্রার্থী দুঃখ প্রকাশ করার পর বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়।
মঙ্গলবার ভাইরাল হওয়া ভিডিওটি গত মাসের ৬ তারিখের বলে জানা গেছে। এক মাস আগের বিষয়টি এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে অনেকেই ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করছেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। ভিডিওর কিছু অংশকে ঘিরে নানা মন্তব্য, ব্যাখ্যা ও সমালোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তবে আইএসপিআরের দাবি, ঘটনার কয়েক দিন পরই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যায় এবং বিষয়টি সমাধান হয়।
এ বিষয়ে বিবৃতি দিয়েছেন ডা. খালিদুজ্জামান। তিনি লিখেছেন, ভিডিওটি এক মাস আগের। এটি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ভুল বোঝাবুঝির ফল।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যেখান থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল এই মীমাংসিত ইস্যুকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেন, আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এমন ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।











