জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আলীকদম ৫৭ বিজিবি’র মিডিয়া ব্রিফিং
আলীকদম প্রতিনিধি।
আলীকদম ৫৭ বিজিবি অধিনায়নের মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে; যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি ইউনিট সদরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে ৫৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।”
তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে; সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।”
গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে। উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত (কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি) ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ অত্র আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থেকে নির্বাচনী দায়িত্ব পালন করছে। সংসদীয় আসন ৩০০–বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় মোট ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ০৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) হতে মোতায়েনকৃত সদস্যগণ নির্বাচনী দায়িত্ব পালন করছে।
এছাড়া সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২–৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে; যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সকল বিজিবি সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং মহড়া অনুশীলনের মাধ্যমে বিজিবির পেশাগত দক্ষতাকে আরও ত্বরান্বিত করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, “আপনারা সকলেই অবগত আছেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ওপর অর্পিত দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়ন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।”











