ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৮:০৫ অপরাহ্ন

শিরোনাম

জনগণ কোনো অদৃশ্য গুপ্তশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না-মিরসরাইয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী

  • আপডেট: Sunday, February 8, 2026 - 6:46 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ কোনো অদৃশ্য গুপ্তশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এবারের নির্বাচনে দৃশ্যমান প্রতিপক্ষ না থাকলেও অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এবং একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে বিএনপি শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বারইয়ারহাট পৌরসভা ট্রাফিক মোড় চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি গত ১৭–১৮ বছরের ত্যাগের প্রতিদান ভোটের মাধ্যমে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক ও বাহক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন। নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে স্থিতিশীলতা ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের কথা বলেন এবং তারেক রহমানের পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফী এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।