ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

জনগণের আমানত রক্ষা আমার মূল লক্ষ্য: ড. মাসুদ

  • আপডেট: Monday, February 23, 2026 - 10:19 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমরা ভোটে জেতার জন্য নির্বাচন করিনি; নির্বাচন করেছি বাউফলের জনগণের আমানতদারিতা রক্ষা ও ইজ্জত-সম্মান সমুন্নত রাখার জন্য। জীবন বাজি রেখে এ দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ।

আজ সোমবার বেলা ১২ টায় বাউফল পাবলিক মাঠে মহিলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে  সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালক আতিকুল রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, পটুয়াখালী জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা জাহান মনি, জেলা কর্মপরিষদ সদস্য নাজমুন্নাহার বাউফল উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হেনারা বেগম এবং সহকারী সেক্রেটারি ফেরদৌসী বেগম।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের শক্তি ছিল মানুষের দোয়া ও আল্লাহর দয়া। মা-বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন। অনেকেই তাদের শেষ সম্বল গহনা পর্যন্ত নির্বাচনী কাজে সহায়তার জন্য তুলে দিয়েছেন। অনেকে নির্যাতন সহ্য করেছেন। তিনি এ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করে বলেন, “ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাড়ির দরজার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট প্রদান করা হয়েছে। অথচ আমাদের কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পিনপতন নীরবতা ছিল।

ড. মাসুদ আরও বলেন, আমরা নিতে নয়, দিতে এসেছি। সরকারি প্লট নেব না, ট্যাক্সবিহীন গাড়িও নেব না। সেবক হিসেবে যে সম্মাননা পাব, তা মা-বোনদের মাঝে বিতরণ করতে চাই।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনটি বিষয়ে গুরুত্বারোপ করেন। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, দোয়া করা এবং প্রয়োজনে সংশোধন করে দেওয়া।

সমাবেশের শেষাংশে তিনি মহিলা বিভাগের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে ড.মাসুদ বলেন, আপনারা কারও ঢাল হিসেবে ব্যবহার হবেন না। প্রকৃত সত্য তুলে ধরবেন তা যদি আমার বিপক্ষেও যায় এবং আমার সংশোধনের কারণ হয়, তবুও সত্যিটা তুলে ধরবেন।