ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৮:২৯ অপরাহ্ন

শিরোনাম

চাঁদা না দেওয়ায় জেলেকে মারধরের অভিযোগ, অভিযুক্ত মৎসজীবী লীগ নেতা

  • আপডেট: Sunday, February 15, 2026 - 6:24 pm

বরকল প্রতিনিধি।

রাঙামাটির বরকল উপজেলা-এ চাঁদার টাকা না দেওয়ায় হাসান নামে এক জেলেকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা মৎসজীবী লীগের সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত হলেন বরকল উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মো. জাফর মোল্লা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের নলটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

ভুক্তভোগী জেলে মো. হাসান জানান, গত প্রায় দশ বছর ধরে প্রতি বছর এক লাখ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন মো. জাফর মোল্লা। চলতি বছরও টাকার জন্য কয়েকদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেওয়া হয়।

হাসান আরও বলেন, ঘটনার দিন তিনি নলটিলা এলাকায় জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মো. জাফর মোল্লা ও তার দুই ছেলে মাহমুদুর রহমান সাগর এবং রহমান মোল্লা সেখানে এসে চাঁদার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তারা তিনজন মিলে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে প্রাণভয়ে তিনি পানিতে ঝাঁপ দিয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের জেলেরা এবং শুভলং ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লিটন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শুভলং বাজারে নিয়ে আসেন।

গ্রাম পুলিশ মো. লিটন বলেন, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে হাসানকে উদ্ধার করেন। অতীতেও জাফর মোল্লা সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত মো. জাফর মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।