ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে গুলিতে গৃহকর্তা নিহত; সন্দেহভাজন একজন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, March 1, 2026 - 11:33 am

চন্দনাইশ প্রতিনিধি।।
চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরির ঘটনায় গুলিতে নিহত গৃহকর্তা চন্দন দে (৭০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাসির উদ্দীন (৩৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছরা গ্রামের মৃত অলি আহমদের ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত জোয়ারা ভোলাসেন এলাকায় চন্দন দের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে হৈচৈ শুরু করলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহকর্তা চন্দন দে।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা একটি হাইস গাড়িযোগে ঘটনাস্থলে আসে এবং তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ জন। তারা অস্ত্রসজ্জিত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।