ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, চট্টগ্রামের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট: Thursday, March 26, 2026 - 8:16 am

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের ভাটিয়ারীতে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেইটে ঢাকাগামী ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিনের পেছনের অংশে এই আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের একটি যাত্রীবাহী বগি ও একটি পাওয়ার কার (বিদ্যুৎ সরবরাহকারী বগি) সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে ঢাকাগামী ট্রেনটির দুটি বগিতে আগুন লাগে। একটি যাত্রীবাহী বগি; অন্যটি পাওয়ার কার।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ফৌজদারহাট অতিক্রম করার সময় হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাওয়ার কার থেকে পাশের যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের পাওয়ার কার (ইঞ্জিন সংলগ্ন বিদ্যুৎ ইউনিট) থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে ক্ষতিগ্রস্ত বগি দুটি সরিয়ে লাইন সচল করার কাজ চলছে।