ঢাকা | মার্চ ৮, ২০২৬ - ১:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস পৌঁছেছে

  • আপডেট: Sunday, March 8, 2026 - 11:17 am

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম বন্দরে তেল-গ্যাসের ১০ জাহাজে সব মিলিয়ে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস রয়েছে। মধ্যপ্রাচ্যে যু’দ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে তেল-গ্যাস আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক এমন সময়ে তেল-গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ১০টি জাহাজ। হরমুজ প্রণালি বন্ধের আগে পারস্য উপসাগরের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে।

চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে। এ ছাড়া ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে পৌঁছেছে আরও চারটি জাহাজ। সব মিলিয়ে এই ১০টি জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি উ’ত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ঝুঁ’কির মুখে পড়েছে।

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—এই সাত দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা-নেওয়া হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালির পাশের দেশ ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁ’কির মধ্যে পড়েছে। পারস্য উপসাগর থেকে এই প্রণালি পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে জাহাজ আসে।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কতগুলো জ্বালানিবাহী জাহাজ আসছে, তা নিয়ে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।