ঢাকা | মার্চ ৬, ২০২৬ - ৮:২৯ অপরাহ্ন

শিরোনাম

খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াতের সেক্রেটারির স্বাক্ষর

  • আপডেট: Friday, March 6, 2026 - 2:36 pm

নিজস্ব প্রতিবেদক।। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির (রহ.) প্রতি সম্মান জানিয়ে ঢাকার ইরান অ্যাম্বাসিতে সংরক্ষিত খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার (৬ মার্চ) সকালে ইরান অ্যাম্বাসিতে স্বাক্ষর করেন তিনি।

শোক বইয়ে স্বাক্ষরের সময় মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দোয়া করে মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তার অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত- এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম আরমান।

ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তারা এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।