খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার
আরিফুল ইসলাম মহিন, প্রতিনিধি।।
সদর থানার পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে এই সফলতা অর্জন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে খাগড়াছড়ি পার্ক সাইট হাসপাতালের এক ইন্টার্ন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের ব্যবহৃত কালো রঙের ১৫০ সিসি’র একটি মোটরসাইকেল পার্ক সাইট হাসপাতালের সামনে থেকে চুরি হয়।
ঘটনার পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে রাশেদ (৪৬)-কে চোরাইকৃত মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত রাশেদ একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় ও সিরিয়াল সদস্য। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা নং-৬, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, জিআর-২০, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে।











