ক্যান্সারে আক্রান্ত আনসার ভিডিপি সদস্যের পাশে রাজবিলা ইউনিয়ন দলনেতা
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রাজবিলা ইউনিয়নে ক্যান্সারে আক্রান্ত আনসার ও ভিডিপি সদস্য মোঃ মহিব্বুলাহ শিকারী (৪৪)-এর পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন দলনেতা মোহাম্মদ আব্দুল আহাদ শেখ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজবিলা ইউনিয়নে অসুস্থ ওই সদস্যকে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। জানা যায়, মহিব্বুলাহ শিকারী (মেম্বার আইডি: ৮৪০৫২) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবিলা ইউনিয়ন দলনেতা মোহাম্মদ আব্দুল আহাদ শেখ জানান, মহিব্বুলাহ শিকারীর অসুস্থতার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তার নেতৃত্বে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের সহযোগিতায় চিকিৎসার জন্য সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, “তার চিকিৎসা ব্যয় অনেক বেশি। তাই আমি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, যেন বাহিনীর পক্ষ থেকেও তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।”
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।











