ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৮:২৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই কে.আর.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 7:05 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই কে.আর.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার–২০২৬ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সামছুজ্জামান চৌধুরী রকির সঞ্চালনায় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. মোঃ রহমত উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) ও প্রশাসন বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কে.আর.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম, কেপিএম লিমিটেড সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ পুরস্কার ও মেধা পুরস্কার তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।