কাপ্তাইয়ে পথে পথে নির্বাচনী পথসভা: বিজয়ী হলে কাপ্তাইকে মডেল উপজেলা গড়ে তোলার অঙ্গীকার দীপেন দেওয়ানের
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে কাপ্তাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। কাপ্তাইকে মৌজা হিসেবে ঘোষণা করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলার প্রত্যন্ত যেসব এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন, কাপ্তাই ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পথসভাগুলোতে এডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই কাপ্তাইয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।











