ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ৯:২৩ অপরাহ্ন

শিরোনাম

কর্ণফুলীতে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Saturday, April 11, 2026 - 7:11 pm

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় “সাঈদ অটোমোবাইলস” নামের প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
প্রশাসন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দোকানটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদের বিষয়টি শনাক্ত করে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে প্রায় ১ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ রেখে তা বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
অভিযানের সময় জব্দ করা তেল আইনানুগ প্রক্রিয়ায় নিকটবর্তী একটি পেট্রোল পাম্পে বিক্রি করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ওই প্রতিষ্ঠানে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।