ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম

কক্সবাজারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান, পোস্টার-লিফলেট অপসারণ

  • আপডেট: Saturday, February 7, 2026 - 7:31 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার-৩ (নির্বাচনী এলাকা-২৯৬) আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং কক্সবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল কাদের এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রঙিন পোস্টার ও লিফলেট লাগানোর দায়ে সদর উপজেলায় একজনকে নগদ অর্থ জরিমানা করা হয়। পরে ঈদগাঁও বাসস্টেশন ও ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডের আশপাশে অভিযান চালিয়ে বাজারের উপ-ডাকঘর, স’মিল সংলগ্ন পথসহ বিভিন্ন স্থান থেকে রঙিন নির্বাচনী পোস্টার ও লিফলেট অপসারণ করা হয়। এছাড়া টমটম, রিকশাসহ বিভিন্ন যানবাহন থেকেও এসব সরানো হয়।
এসময় কক্সবাজার সদর মডেল থানা ও ঈদগাঁও থানার পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনী অনুসন্ধান কমিটির বিচারক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, নির্বাচনী নীতিমালা ও আচরণবিধি প্রতিপালনে সংশ্লিষ্টদের সচেতন করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মানতে উদ্বুদ্ধ করতে পারেন। এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।