ঢাকা | এপ্রিল ১০, ২০২৬ - ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম

কক্সবাজারে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Friday, April 10, 2026 - 10:46 am

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় কক্সবাজারে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার হলরুমে জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হওয়ায় এটি আর দলীয় কর্মসূচি নয়, বরং রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। এসব কর্মসূচির প্রচার ও বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে জেলা তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং নারীদের জন্য পরিবহন সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে কার্ড প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারাদেশে ৪ কোটি পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, অধ্যক্ষ, পালক/যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেলা তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাবের।

সমাবেশে বক্তারা দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ডেঙ্গু, হাম ও মানব পাচার প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধে সচেতনতা সৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং তথ্য অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।