ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ৩:০৯ অপরাহ্ন

শিরোনাম

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

  • আপডেট: Sunday, March 15, 2026 - 1:08 pm

নিজস্ব প্রতিবেদক।। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে বলে জানিয়েছেন, মির্জা আব্বাসের ভাগনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।

এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন।

মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।

গত বুধবার (১১ মার্চ) ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

শারীরিক অবস্থার অবনতি হলে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা ছিলেন।

মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।