ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় ধসে শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Friday, January 9, 2026 - 7:18 pm

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে নুরুল আমিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নুরুল আমিন জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা মির আহমেদের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় কেটে মাটি অবৈধভাবে বিক্রি কার্যক্রম চলছিল। ভোরের অন্ধকারে শ্রমিকরা যখন পাহাড় কাটছিলেন, তখন হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে নুরুল আমিন সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের পর সেখানে থাকা অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে সরে যান। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর নুরুল আমিনকে উদ্ধার করা হলেও তিনি ততক্ষণে মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।