ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম

ইরানকে হরমুজ প্রণালি থেকে টোল নিতে দেওয়া হবে না, টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 9:18 am

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের উদ্যোগ নিয়েছে ইরান—এমন খবরের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই এই প্রণালি থেকে টোল আদায় করতে দেওয়া হবে না; বরং প্রয়োজনে যুক্তরাষ্ট্রই টোল নেবে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রাধান্য রয়েছে এবং তারা “বিজয়ী”—এই যুক্তিতে তিনি বলেন, টোল আদায়ের অধিকার তাদেরই থাকা উচিত। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি এমন উদ্যোগ নেয়, তাহলে হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন হতে পারে।

এদিকে ইরানকে লক্ষ্য করে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে দেশটিকে “এক রাতেই ধ্বংস করে দেওয়া হতে পারে” বলে হুমকি দেন তিনি। স্থানীয় সময় সোমবার দেওয়া এই বক্তব্যে তিনি জানান, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে আসতে হবে।

যদিও ইরান এই চাপ প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। স্থায়ীভাবে হামলা বন্ধ করা এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করা ছাড়া কোনো চুক্তি সম্ভব নয় বলেও জানিয়েছে তেহরান।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। তবে তার কিছুক্ষণের মধ্যেই ইরান যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।