ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ৬:০৬ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 4:30 pm

ডেস্ক রিপোর্ট।। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক ও ইসলামী বক্তা আলহাজ্ব মাওলানা মীর মো: হাবিবুর রহমান যুক্তিবাদী (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার প্রতিষ্ঠিত রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

মাওলানা মীর মো: হাবিবুর রহমান ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছারছীনা দরবার শরীফের পীর আল্লামা নেছার উদ্দীন। মাওলানা মীর নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করেন। একই গ্রামের নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল এবং ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করে সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাশ করেন তিনি।

 

মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলার আলোড়িত ও আলোচিত মুখ। গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলিতেও তার সুললিত কণ্ঠের আওয়াজ শোনা যায়। তিনি কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী বয়ান করেন। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন।

তার লেখা বই ইসলামে নারীর মর্যাদা, ধর্ম ও ইবাদত, মুক্তির সহজ পথ, রাসুলে খোদা (সা:), মক্কাতে রাসুল (সা:), মদিনাতে রাসুল (সা:), শানে রাসুল (সা:) উল্লেখযোগ্য।