ঢাকা | মে ১৪, ২০২৬ - ৩:৪৮ অপরাহ্ন

১৬ বছর পর ইন্টার মিলানের ‘ডাবল’ জয়

  • আপডেট: Thursday, May 14, 2026 - 1:02 pm

খেলা ডেস্ক।। ইতালীয় ফুটবলে আবারও ফিরে এসেছে ইন্টার মিলানের সেই সোনালী দিন। হোসে মরিনহোর অধীনে ২০১০ সালে ঐতিহাসিক ট্রেবল জয়ের পর এই প্রথম একই মৌসুমে সিরি আ এবং ইতালিয়ান কাপ শিরোপা জিতল তারা।

 

বুধবার রাতে ইতালিয়ান কাপ ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে দশম ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুলল ক্রিস্টিয়ান কিভুর শিষ্যরা। এর আগে চলতি মাসের শুরুতে তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করে ইন্টার।

 

রোমে ম্যাচের ১৪ মিনিটে ফেদেরিকো দিমারকোর কর্নার বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিক। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় গোলটিও হজম করে লাৎসিও।

৩৫ মিনিটে লাৎসিওর পর্তুগিজ লেফট-ব্যাক নুনো তাভারেস নিজেদের পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে মারাত্মক ভুল করেন। সেই সুযোগে ডেনজেল ডামফ্রিসক দ্রুতগতিতে বলটি কেড়ে নিয়ে বক্সে ঢোকেন। তাঁর বাড়িয়ে দেওয়া বল অনায়াসে জালে জড়ান মার্তিনেজ।

 

ইন্টার মিলানের এই সাফল্যের পেছনে বড় অবদান কিভুর। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই কোচ ইন্টারের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন। ২০১০ সালের সেই ট্রেবল জয়ী ইন্টার দলের সদস্য ছিলেন তিনি নিজেই।

 

গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারায় ইন্টার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের পর সিমোনে ইনজাঘির স্থলাভিষিক্ত হন কিভু।

 

ডাবল জিতে ইন্টার অধিনায়ক মার্তিনেজ বলেন, ‘গত বছরের সেই পরিস্থিতির পর আবার নতুন করে শুরু করা সহজ ছিল না। কিন্তু আমরা পারফরম্যান্স এবং খেলার তীব্রতা দিয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটাতে পেরেছি। ডাবল জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।‘