ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম

১১ ঘণ্টা পর স্বাভাবিক হলো চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল

  • আপডেট: Thursday, July 9, 2026 - 7:34 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় পাহাড় ধসের কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সড়ক থেকে ধসে পড়া মাটি অপসারণের কাজ শেষ হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, টানা ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পাহাড় ধসে বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে। এতে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের একটি এক্সকাভেটর দিনব্যাপী কাজ চালিয়ে সড়কের ওপর জমে থাকা মাটি অপসারণ করে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাস্তা চলাচলের উপযোগী হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান, পাহাড় ধসের কারণে প্রায় ১১ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে। তবে সড়ক পরিষ্কার হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে।