ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম

হালিশহরে বিস্ফোরণ: স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সাখাওয়াতও, প্রাণহানি বেড়ে ৫

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 1:16 pm

ঢামেক সংবাদদাতা।। চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তান ও ছোট ভাইয়ের দম্পতির পর এবার মারা গেলেন সাখাওয়াত হোসেন (৪৯)।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সাখাওয়াতের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল।

এর আগে, মারা গেছেন সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন, ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।

ডা. শাওন জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ এবং আরেক ভাই শিপন ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশংকাজনক।

 

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যার দিকে তাদেরকে বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসে স্বজনরা। এই ঘটনায় দগ্ধ হয় মো. সাখাওয়াত হোসেন (৪৬), স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।