হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক।। শহীদ ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে শনিবার (১৪ মার্চ) ভোরে ফিলিপ সাংমা নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আগেই ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য সামনে আসে, তার সূত্র ধরেই গ্রেফতার করা হয় ফিলিপ সাংমাকে। জানা যায় সীমান্তে মানুষ পারারপারের কাজ করেন তিনি।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। ওসমান হাদির খুনের পরে বাংলাদেশ পুলিশের চাপ বাড়তে থাকায় তিনি ওই সীমান্ত দিয়েই ভারতে পালিয়ে যান। পরে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রেখে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। কিন্তু ফয়সালরা গ্রেফতার হওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
নির্বাচনের আগে ইনকিলাব মঞ্চের অন্যতম মুখ ও জনপ্রিয় ছাত্রনেতা শহীদ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। গত ১২ ডিসেম্বর নামাজের পরে ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।
হাদির মাথায় গুলি লাগলে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সূত্র: এই সময়











