ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:৩০ অপরাহ্ন

শিরোনাম

হাজারতম ম্যাচে ইতিহাস গড়ে জিতল জাপান

  • আপডেট: Sunday, June 21, 2026 - 12:43 pm

স্পোর্টস ডেস্ক।। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১ হাজারতম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ে ফেলল জাপান। টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাসে এশিয়ার প্রথম দেশ হিসেবে ৪টি গোল করল তারা। যার সৌজন্যে হাজারতম ম্যাচে তারা পেল সহজ জয়।

এস্তাদিও মন্টেরিতে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ব্লু সামুইরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আয়াসে উএদা । বাকি দুই গোল করেন জুনিয়া ইতো ও দাইচি কামাদা।

এই জয়ে ‘এফ’ গ্রুপ থেকে জাপানের নকআউট পর্বে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে গেল। দুই ম্যাচে তাদের এখন ৪ পয়েন্ট। আর দুই ম্যাচের দুটিই হেরে বিদায়ঘণ্টা বেজে গেল তিউনিসিয়ার। জাপানের সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে এশিয়ার (এএফসি) কোনো দেশ এক ম্যাচে ৪ গোল করতে পারেনি। তিন গোল করে দেওয়ার রেকর্ড ছিল জাপান (২০১০), দক্ষিণ কোরিয়া (১৯৬৬) ও অস্ট্রেলিয়ার (২০০৬)। এবার টুর্নামেন্টের হাজারতম ম্যাচের মাইলফলকেই হালি গোলের রেকর্ড গড়ল জাপান।

তিউনিসিয়াকে তেমন সুযোগই দেয়নি তারা। ম্যাচের প্রায় ৫৮ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে জাপান। গোলের জন্য তারা করে ১০টি শট। এর মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪ গোল আদায় করে নেয় এশিয়ান জায়ান্টরা। বিপরীতে মাত্র ১টি শট লক্ষ্যে রাখতে পারে তিউনিসিয়া।

ম্যাচের শুরুতে মাত্র চতুর্থ মিনিটে জাল কাঁপান দাইচি কামাদা। বিশ্বকাপে জাপানের হয়ে এটিই দ্রুততম গোলের রেকর্ড। ২০১৮ সালে কলম্বিয়ার বিপক্ষে ষষ্ঠ মিনিটে গোল করে এতদিন রেকর্ডটি ছিল শিনজি কাগাওয়ার।

নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচেও গোল করেছিলেন কামাদা। বিশ্বকাপে জাপানের হয়ে পরপর দুই ম্যাচে গোল করা দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে ২০০২ সালে বেলজিয়াম ও রাশিয়ার বিপক্ষে গোল করেছিলেন জুনিচি ইনামোতো।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উএদা। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত জোরাল শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। বিরতির আগে আর গোল পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ইতো। উএদার পাস থেকে বল ধরে সামনে এগিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে গিয়ে ৮৩ মিনিটের মাথায় চমৎকার হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন উএদা। ফিফা বিশ্বকাপে জাপানের প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব অর্জন করলেন তিনি।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান। একই সময়ে অন্য ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস।