সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি (মেডিকেল ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি মিলিয়ে কয়েক শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে মোট ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ ছিলেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসাসেবা প্রদান করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার বিএসএস নয়া ক্যাপ্টেন লাবনী জামান (এমডিএস) এবং ক্যাপ্টেন মো. তানজিম ইসলাম অর্ণব (আরএমও)।
খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পুরো মেডিকেল ক্যাম্পেইন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ি অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি জোন নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।”











