ঢাকা | এপ্রিল ২২, ২০২৬ - ৬:২৩ অপরাহ্ন

শিরোনাম

সুস্থ রোগীদের সম্মানজনক বিদায়, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশংসার ঝড়

  • আপডেট: Monday, April 20, 2026 - 5:33 pm

মু. আজিজ, ফটিকছড়ি।।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে রোগীদের ফুল দিয়ে সম্মানজনক বিদায় জানানোর ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিন চিকিৎসাধীন ১৭ জন রোগীকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম।

বিদায়ী এক রোগী বলেন, চিকিৎসা শেষে ফুল দিয়ে বিদায়—এটি সত্যিই মানবিক একটি উদ্যোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, রোগীদের সম্মান দিয়ে বিদায় জানানো মানবিক প্রশাসনের অংশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম জানান, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

এ সময় চিকিৎসকরা হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে সচেতনতার আহ্বান জানান এবং নির্ধারিত বয়সের শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং হাসপাতাল সেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে।