সুন্দরবনে কোস্টগার্ডের স্টেশনে দুর্বৃত্তদের হামলায় তিনসদস্য আহত
মোংলা প্রতিনিধি।। মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্টগার্ডের স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে বাহিনীটির তিনজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে ওই এলাকার হাড়বাড়ীয়া স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
কোস্টগার্ডের ঢাকা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকালে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত তিনজন কোস্টগার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এতে আরও বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে ওই স্থান থেকে কোস্টগার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোস্টগার্ডের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশেই এসব অপতৎপরতা চালানো হচ্ছে।











