ঢাকা | মার্চ ২১, ২০২৬ - ৫:২০ অপরাহ্ন

শিরোনাম

সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

  • আপডেট: Saturday, March 21, 2026 - 12:44 pm

আন্তর্জাতিক ডেস্ক।। সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিবৃতিতে রিয়াদ বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’। সৌদি আরব আরও জানায়, তারা সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইসরায়েলের এমন কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি সম্মান নিশ্চিত করতে হবে।

এর আগে শুক্রবার ইসরায়েল জানায়, সুয়াইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের বেসামরিক নাগরিকদের ওপর কথিত হামলার জবাবে তারা সিরিয়ার সরকারি বাহিনীর বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে।