ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ২:৪৯ অপরাহ্ন

শিরোনাম

শ্রমিক ধর্মঘট স্থগিত, চালু হলো চট্টগ্রাম বন্দর

  • আপডেট: Monday, February 9, 2026 - 9:54 am

 

ডেস্ক রিপোর্ট।।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাস করার স্বার্থে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবীর ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানানো হয়।

এরপর সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে সচল হয় বন্দরের জেটি, ইয়ার্ড, শেড, টার্মিনাল ও বহির্নোঙরে লাইটারিং (বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস) ইত্যাদি।

যাতে বলা হয়েছে – বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সাংবাদিকদের দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসুচি স্থগিত থাকবে। তবে পাঁচটি সমস্যার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে

পাঁচটি সমস্যা হচ্ছে- বন্দর কর্তৃপক্ষের ৫ কর্মচারীকে গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা, ১৫ কর্মচারীকে বিভিন্ন বন্দরে হয়রানিমূলক বদলি, আন্দোলনরত কর্মচারীদের নানাবিধ শাস্তি, আন্দোলনরত কর্মচারীদের বাসা বরাদ্দ বাতিল এবং ১৬ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা।

আগের সপ্তাহে শনিবার (৩১ জানুয়ারি) এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে আট ঘণ্টার কর্মবিরতি পালন করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

এরপর চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পরের ২ দিন আট ঘণ্টা ও তিন দিন টানা কর্মবিরতির পর নৌ উপদেষ্টার আশ্বাসে দুই দিন স্থগিত করা হয়েছিল।

সর্বশেষ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে চার দাবিতে চট্টগ্রাম বন্দরে জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও বহির্নোঙরে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু করেছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দাবিগুলো ছিল- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার ঘোষণা, বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানকে প্রত্যাহার করা, বিগত আন্দোলনে যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত, পদাবনতিসহ নানাবিধ শাস্তিমূলক যে ব্যবস্থা নিয়েছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল। এতে সমর্থন জানিয়েছিল স্কপ, উদ্বেগ জানিয়েছেন বিজিএমইএ সহ শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও বন্দর ব্যবহারকারীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। ঢাকায় ব্রিফিং করেন নৌ পরিবহন উপদেষ্টা ও বিডার চেয়ারম্যান।