ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ১০:১০ অপরাহ্ন

শিরোনাম

শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) সতর্ক অবস্থানে

  • আপডেট: Sunday, February 1, 2026 - 6:01 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি জেলার তিনটি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)। এ লক্ষ্যে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বিকভাবে বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরকল জোন কনফারেন্স কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর।

তিনি জানান, সংসদীয় আসন-২৯৯ রাঙামাটির আওতাধীন বরকল, জুরাছড়ি ও লংগদু উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি উপজেলায় একটি করে বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০টি ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেইজ ক্যাম্পের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক আরও বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এসময় অধিনায়ক সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে সংবাদকর্মীদের নিকট দায়িত্বশীল ভূমিকা পালন ও গুরুত্বপূর্ণ তথ্য সহযোগিতার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংকালে সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।