ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ৯:০২ অপরাহ্ন

শিরোনাম

শর্টকাট নিতে গিয়ে কূপে পড়ল গাড়ি, একই পরিবারের ৯ জনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 4:37 pm

ডেস্ক রিপোর্ট।। ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় শর্টকাট নিতে গিয়ে একই পরিবারের ৯ সদস্যসহ একটি গাড়ি কূপে পড়ে যায়। এতে ৯ জনের সবাই নিহত হয়েছেন, যার মধ্যে ৬ জনই শিশু। মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গেল শুক্রবার পরিবারের তিনজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু দিন্দোরির একটি কোচিং সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন সুনীল দারগুডে (৩২), তার স্ত্রী রেশমা (২৭), মেয়ে গুণবন্তী (১১), সুনীলের শ্যালিকা আশা (৩২), তার সন্তান শ্রেয়শ (১১), শ্রাবণী (১১), শ্রদ্ধা (১৩) ও সৃষ্টি (১৪) এবং তাদের এক আত্মীয়ের সন্তান সমৃদ্ধি (৭)।

অনুষ্ঠান শেষে, নয়জন প্রায় ১০ কিলোমিটার দূরে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হন, তখন প্রায় সন্ধ্যা। মারুতি সুজুকি এক্সএল৬ গাড়িটি চালাচ্ছিলেন সুনীল। এ সময় তিনি একটি শর্টকাট নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার সেই সিদ্ধান্ত একটি মারাত্মক ভুল ছিল।

গাড়িটি রাস্তার পাশের একটি কূপের দেয়ালে ধাক্কা খেয়ে তার মধ্যে পড়ে যায়। গভীর সেই কুয়োটিতে ৪০ ফুট পর্যন্ত পানি ছিল। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা কূপের দিকে ছুটে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকার এবং কূপের গভীরতা বড় বাধা হয়ে দাঁড়ায়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে পর্যাপ্ত আলো ব্যবহার করে গাড়িটির অবস্থান শনাক্ত করেন। এরপর ডুবুরিদের সাহায্যে গাড়িটিকে কূপটি থেকে টেনে তোলা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গাড়ির সব আরোহী কূপে পড়েই মারা যান। তবে, শিশুদের মধ্যে একজনের মৃতদেহ গাড়ির বাইরে পাওয়া যায়।

এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যু এবং বেপরোয়া গাড়ি চালানোর ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। জানা গেছে, রাস্তাটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল, কিন্তু কূপটি বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ এবং কূপের মালিকের মধ্যে বিবাদও চলে আসছে।