শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
আন্তর্জাতিক ডেস্ক।। নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আজ শুক্রবার শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতার পর তিনি প্রধানমন্ত্রী হন। ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ (তিনি বেশি পরিচিত ‘বালেন’ নামে) একজন রাজনৈতিক বহিরাগত।
তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দেবেন, যার প্রধান চ্যালেঞ্জ হবে, নেপালের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অসন্তোষ মোকাবিলা করা। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এসব দলকে দায়ী করেন।
শাহ কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেছেন, তবে তার পরিবার নেপালের ভারত সীমান্তবর্তী হিন্দুপ্রধান তরাই অঞ্চলের বাসিন্দা। নেপালের সমাজে ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের বড় প্রভাব রয়েছে।
দেশটির ৮০ শতাংশের বেশি মানুষ হিন্দু। তারা অনেক সময় শুভ সময় দেখে নতুন কাজ শুরু করা, বিয়ে করা বা ধর্মীয় আচার পালন করে।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেলের সামনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে হিন্দু রীতি অনুযায়ী শঙ্খনাদ, হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামাদের ধর্মীয় মন্ত্রপাঠ অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: এনডিটিভি











