ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম

লামা মাতামুহুরি সরকারি কলেজের ভূমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 3:57 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।।

লামা মাতামুহুরি সরকারি কলেজের ভূমি দখল ও গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার (২৫ মার্চ) দুপুরে সরকারি মাতামুহুরি কলেজের বীর বাহাদুর কনফারেন্স হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ সুভাষ কান্তি নাথ।

লিখিত বক্তব্যে জানানো হয়, জনৈক সুমন গং সরকারি মাতামুহুরি কলেজের ৩০৫নং গজালিয়া মৌজার সাপমারাঝিরি সাকিনে ১৭০নং হোল্ডিংভুক্ত জমিতে অনধিকার প্রবেশ করে দুটি সাইনবোর্ড ভেঙে জোরপূর্বক একটি টিনের ঘর নির্মাণ করে। এ ঘটনায় সুমনসহ অজ্ঞাতনামা ২০/২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা কলেজের মালিকানাধীন ভূমিতে অবৈধ দখল, কাঠামো নির্মাণ, ক্ষতিসাধন, চুরি এবং কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে।

এ বিষয়ে কলেজের শিক্ষকরা ১৪ মার্চ ২০২৬ তারিখে লামা থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেন। পরদিন ১৫ মার্চ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় থানায় ফৌজদারি মামলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি মামলা পরিচালনা কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৬ মার্চ কেয়ারটেকার বাদী হয়ে দুটি মামলা রুজু করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সুমন গংয়ের বিরুদ্ধে মামলা চলমান থাকা সত্ত্বেও তারা ২৩ মার্চ থেকে এক মহিলার মাধ্যমে ওই জমিতে জবর দখল অব্যাহত রেখেছে। এ ছাড়া দখল কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে কলেজের শিক্ষক এবং মামলা পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে মানহানির চেষ্টা করছে। বিশেষ করে ইংলিশ ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক এবং কেয়ারটেকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মুহাম্মদ সামশুল আলম গণমাধ্যমে বক্তব্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতি কলেজের সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক লামা পৌরসভার মেয়র আমির হোসেন, বিএনপি নেতা মোঃ আবু তাহের মিয়া ও মোঃ দেলোয়ার হোসেন রফিকসহ অন্যান্যরা। তারা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কলেজের জমি দখলকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে মাতামুহুরি কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।