ঢাকা | মে ২৫, ২০২৬ - ৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম

লামায় ভূমি জালিয়াতির মামলায় প্রধান শিক্ষিকাসহ ৪ জন কারাগারে

  • আপডেট: Monday, May 25, 2026 - 6:11 pm

 

লামা সংবাদদাতা।।

বান্দরবানের লামায় ভূমি জালিয়াতির মামলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) লামা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বান্দরবান জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, মধুঝিরির বাসিন্দা এস এম আবু তাহের, তার স্ত্রী শালেরতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম, দলিল লেখক মিলন কান্তি চৌধুরী ও মো. জহির। একই মামলায় আসামি রেশমি আক্তার জামিন পেয়েছেন। অপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মধুঝিরি এলাকার বাসিন্দা আবু তাহের ও তার সহযোগীরা স্থানীয়দের ভোগদখলীয় বসতভিটার জায়গা নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে নিজেদের নামে জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করেন। এ ঘটনায় ভুক্তভোগী শাহিনুর বেগম নামের এক বিধবা নারী ২০২৫ সালে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬(২)/৩৪ ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, উপজেলার ২৯৩ নম্বর ছাগল খাইয়া মৌজার ৬৩ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগভুক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শাহিনুর বেগম ও তার স্বামী বিভিন্ন সময়ে বৈধ দলিলের মাধ্যমে মোট ৬৫ শতক জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘ ২৯ বছর ধরে ভোগদখলে আছেন।

অভিযোগে বলা হয়, শাহিনুর বেগমের স্বামীর মৃত্যুর পর আবু তাহের ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে ওই জমি দখলের চেষ্টা শুরু করেন। এমনকি ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় আরও বলা হয়, আবু তাহের পূর্ববর্তী সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় ভুক্তভোগীকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। বর্তমানে তারা পূর্বপরিকল্পিতভাবে জমি দখলের উদ্দেশ্যে শাহিনুর বেগমকে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।