ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

লামায় দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট: Saturday, February 28, 2026 - 7:21 pm

 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান।।

পার্বত্য জেলা বান্দরবান-এর লামা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কয়েক শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লামা উপজেলার ফাইতং ইউনিয়ন-এর ফাদুরছড়া ও বাঙালি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের দায়ে B.B.M ব্রিকসকে ২ লাখ টাকা এবং KBC ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইট প্রস্তুতের উদ্দেশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহ করে কাঁচা ইট তৈরি করা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।