ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় সেরা তিনে মুনতাসীর, সানজিদা ও কাওসার

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 7:05 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘The Voice of RMSTU’ শিরোনামে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের নিজেদের পছন্দের ক্যারিয়ার গড়ে তোলার পরিকল্পনা করা প্রয়োজন। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে ক্যারিয়ার ব্যবস্থাপনা এবং এমপ্লয়াবিলিটি স্কিল অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে যেকোনো কর্মশালায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন।
প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম রানারআপ হন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মোট ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার।