ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ৮:০৭ অপরাহ্ন

শিরোনাম

মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

  • আপডেট: Monday, March 30, 2026 - 3:13 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি।। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করায় কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে জড়িত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে নাস্তিক বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন।

বাদীর আইনজীবীদের দাবি, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, একজন সজ্জন রাজনীতিক ও সাবেক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনজীবীরা সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।