মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মিরসরাই প্রতিনিধি।।
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২টায় রেলওয়ে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠিয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি-র উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, মঙ্গলবার সকাল দশটায় মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের চট্টগ্রামমুখী লাইনে অজ্ঞাত এক ব্যক্তির ট্রেনে কাটা পড়া লাশ পড়ে আছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহালে দেখা যায়, মাথাসহ লাশের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশের শরীরে কালো প্যান্ট ও সাদা-কালো চেক শার্ট ছিল।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।











